জেলার বানারীপাড়া উপজেলায় নিখোঁজের তিনদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফয়সাল মীর ইমরান বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ছিল। সে বালীপাড়া গ্রামের মজিবর রহমান মীরের ছেলে।
শনিবার সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামের নিজ বাড়ির পেছনের ডোবা থেকে পা বাঁধা অব্স্থায় তার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই এলাকার নুর আলম ও হেলাল ওরফে পিচ্চি হেলাল নামের দুই যুবককে আটক করা হয়েছে।
দুপুরে বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ইমরানের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে।
