নেত্রকোনার কেন্দুয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার চিরাং ইউনিয়নের গোপালাশ্রম গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মনজু, বাবুল, নজরুল, জব্বিল, জালাল, এনামুল ও ডালিম নামে সাতজনকে আটক করেছে পুলিশ।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় নায়েব আলী (৫৮), শান্তু মিয়া (৪০), হারিছ উদ্দিন (৫০), রুবেল হোসেন (১৫), মাহিনুর (১২), আব্দুর রশিদ (৬৫), আহির উদ্দিন (৪০), রেণু মিয়া (২৫), আনজু মিয়া (৫৫) ও সাদেক মিয়াকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপালাশ্রম গ্রামের ফারদিল মিয়া ও একই গ্রামের ওয়াহিদ মিয়ার মধ্যে স্থানীয় বাজারে মাছ কেনার আধিপত্যকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে এতে কয়েকজন আহত হন। এর জের ধরে শনিবার সকালে ১১টার দিকে উভয়পক্ষই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি।
