জাটকা আহরণ নিষিদ্ধকালীণ মৌসুমে জেলেদের বিকল্প সহায়তা

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ১৭:১০
জেলার শরণখোলা উপজেলায় সরকারের ‘জাটকা সংরক্ষণ, বিকল্প কর্মসংস্থান এবং গবেষণা প্রকল্পের’ কর্মসূচি হিসেবে জেলেদের মাঝে বিনামূল্যে জাল বিতরণ করা হয়েছে।
 
শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাল বিতরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাটকা আহরণ থেকে বিরত থাকার জন্য বিকল্প কর্মসংস্থান হিসেবে উপজেলার ১৫০ জন জেলের মাঝে এই জাল বিতরণ করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ অতুল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল।
 
মৎস্য বিভাগ জানায়, এ উপজেলার তালিকাভুক্ত মোট দুই হাজার ২৮৫ জন কার্ডধারী জেলে রয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও জাল দেয়া হবে।
 
একই সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে তালিকাভুক্ত কার্ডধারী সব জেলেকে ৪০ কেজি করে চাল দেয়া হয়। জাটকা আহরণ নিষিদ্ধকালীণ মৌসুমের চার মাস তাদেরকে এই খাদ্য সহায়তা দিচ্ছে সরকার।
 
অন্যান্যের মধ্যে রায়েন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন লিটন, আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক রফিুকল ইসলাম কালাম, মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ইয়াকিন আলী শেখ ও শরণখোলা মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান উপস্থিত ছিলেন।