সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) সদিচ্ছা ও আন্তরিকতাই যথেষ্ট।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে নির্বাচন সংক্রান্ত প্রতিবেদনের এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন এ মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।
তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য নির্বাচন কমিশনের যথেষ্ঠ সাংবিধানিক ক্ষমতা আছে। সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে ইসির ইচ্ছা ও আন্তরিকতা থাকতে হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে এ জন্য মিডিয়াকেও নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সাখাওয়াত হোসেন বলেন, জনগণ নির্বাচন কমিশনকে শক্তিশালী দেখতে চায়। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে তার ক্ষমতা প্রয়োগ করতে হবে।
সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র আহ্বায়ক শেখ নজরুল ইসলাম এবং ডিআরইউ’র প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক কাজী সোহাগ এ সময় উপস্থিত ছিলেন।
