তৃতীয়স্থান ধরে রাখলো পেরু

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ২০:২৮
পেরু ২-০ গোলে প্যারাগুয়েকে হারিয়ে এবারের কোপা আমেরিকায়ও তৃতীয় স্থান ধরে রেখেছে। গতকাল শুক্রবার চিলির কনসেপশনে অনুষ্ঠিত স্থান নির্ধারনী ম্যাচে পাওলো গুইরেরোর নৈপূণ্যে প্যারাগুয়েকে অনায়াসেই পরাজিত করে। দুর্দান্ত একটি গোল করে দলের জয়ে অবদান রাখার পাশাপাশি স্বাগতিক চিলি তারকা ভারগাসের সঙ্গে যৌথভাবে চলতি প্রতিযোগিতায় সর্বোচ্চ গোল দাতার আসনে ভাগ বসিয়েছেন। 
 
এর আগে কোয়ার্টার ফাইনালে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। ২০১১ সালের কোপা আমেরিকায়ও সর্বোচ্চ গোলদাতা ছিলেন গুয়েরেরো। ৩১ বছর বয়সী এই ফুটবল তারকার ২৫তম এই আন্তর্জাতিক গোল তাকে পৌঁছে দিয়েছে পেরুর কিংবদন্তী তিওফিলো কিউবিলাসের জাতীয় রেকর্ডের সন্নিকটে। পেরু জাতীয় দলের হয়ে ২৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এখনো তিওফিলোর দখলে রয়েছে। 
 
পেরু তৃতীয়স্থান নির্ধারণী খেলায় সহজ জয় পেলেও প্রথমার্ধে প্যারাগুয়ের রক্ষণভাগ ভেদ করা সম্ভব হয়নি তাদের জন্য। তবে দ্বিতীয়ার্ধে বিজয়ীদের আর রুখতে পারেনি প্যারাগুয়ে। খেলার ৪৮তম মিনিটে দলকে প্রথম গোলটি এনে দেন আন্দ্রে ক্যারিলো। দলের আইকন মিডফিল্ডার ক্রিস্টিয়ান কুয়েভার দর্শনীয় কর্নার কিক থেকে বল হেডের মাধ্যমে তার কাছে পৌঁছে দেন রাউল বোবাদিল্লা। বল পেয়ে দুর্দান্ত এক ভলিতে প্যারাগুয়ের গোলরক্ষক জাস্ট ভিলারকে পরাস্ত করেন ২৪ বছর বয়সী ক্যারিলো।
 
সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৬-১ গোলে হার মানা প্যারাগুয়ে ম্যাচের ৬৮তম মিনিটে সমতায় ফেরার দারুণ একটি সুযোগ পেয়েছিল। কিন্তু স্ট্রাইকার ইজার বেনিতেজের নেয়া শটটির সামনে বাঁধা হয়ে দাঁড়ান পেরুর মিড-ফিল্ডার কার্লোস অসকুয়েস। 
 
এই জয়ের ফলে ২০১১ কোপা আমেরিকার ফলাফলের পুনরাবৃত্তি ঘটাতে সক্ষম হলো পেরু। ওই আসরেও তারা তৃতীয় স্থান লাভ করেছিল।