গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ২০:৩৬
 
গেল সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন ও সূচক কিছুটা বেড়েছে। আগের সপ্তাহের টানা দরপতনের পর গেল সপ্তাহে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরেছে সূচক ও লেনদেনে। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় ২৭ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
 
গত সপ্তাহে ব্যাংক হলিডের জন্য এক দিন কম লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ৫ দিনে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৪২ কোটি ৭৬ লাখ টাকা। আর গত সপ্তাহে ৪ দিনে লেনদেন হয়েছে ১ হাজার ৮৮৫ কোটি ৪২ লাখ টাকা।
 
গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৪৭১ কোটি ৩৫ লাখ। আর আগের সপ্তাহে গড়ে লেনদন হয়েছে ৩৬৮ কোটি ৫৫ লাখ টাকা। অর্থাত্ গেল সপ্তাহে দৈনিক ২৭ দশমিক ৮৯ শতাংশ লেনদেন বেশি হয়েছে।
 
তথ্যে দেখা গেছে—গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৫ দশমিক ১৭ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ২১ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার  লেনদেন হয়েছে ১১ দশমিক ৭৩ শতাংশ। 
 
এ দিকে, লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে। সপ্তাহের শুরুতে ডিএসইর সার্বিক মূল্য সূচক সাড়ে ৪ হাজার পয়েন্টের নিচে ছিল। সপ্তাহ শেষে তা ফের সাড়ে ৪ হাজার পয়েন্টের উপরে উঠে এসেছে। 
 
গত সপ্তাহে সার্বিক মূল্য সূচক বেড়েছে ১১৭ দশমিক ৩০ পয়েন্ট। ডিএস-৩০ সূচক  বেড়েছে ৫৭ পয়েন্ট। গত সপ্তাহের ৪ কার্যদিবসের মধ্যে ৩ দিনই সূচক বেড়েছে। 
 
এ দিকে, সপ্তাহে সূচক বাড়ায় গত সপ্তাহে ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে ২ দশমিক ৮৯ শতাংশ। বর্তমানে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ৮৬ পয়েন্টে, যা গত সপ্তাহের শুরুতে ছিল ১৫ দশমিক ৪১। অর্থাত্ সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও বেড়েছে শূন্য দশমিক ৪৫ শতাংশীয় পয়েন্ট বা ২ দশমিক ৮৯ শতাংশ। খাত ভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৮ দশমিক ৭৭ পয়েন্টে। 
 
এ ছাড়া, আর্থিক খাতের পিই ২৮ দশমিক ৯৮, প্রকৌশল খাতের ৩০ দশমিক ৪১, বিদ্যুত্ ও জ্বালানি খাতের ১২ দশমিক ৪৮, বস্ত্র খাতের ১০ দশমিক ৯৪, ওষুধ ও রসায়ন খাতের ২৩ দশমিক ১৫ এবং বিমা খাতের ১৪ দশমিক ৪।