চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দয়ার পাড়ায় শনিবার রাতে মামার হাতে ভাগিনা খুন হয়েছেন এবং অপর ভাগিনা গুরুতর আহত হয়েছেন। নিহত ভাগিনার নাম মো. শাহজাহান (২৮)। তিনি ওই এলাকার মো. মিয়ার পুত্র। আহত ভাগিনার নাম রফিক আহমদ। এই ঘটনায় নিহতের মামীসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- ঘাতক মো: আলীর স্ত্রী দিলোয়ারা বেগম (৩৫) এবং তার শাশুড়ি শাহজাদা বেগম (৫৫)|
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি রান্নার কড়াইকে কেন্দ্র করে মো. মিয়া ও মো. আলীর স্ত্রীদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এ ঘটনা নিয়ে উভয় পক্ষের লোকজন লোহাগাড়া থানায় একটি অভিযোগ করেন। শহরে থাকা ঘাতক মো. আলী খবর শুনে বাড়িতে চলে আসেন এবং আপন ভাগিনা শাহজাহান ও রফিক আহমদকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে জখম করেন। পরে উভয়জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন। আহত রফিককে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহজাহান পিপিএম-বার জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং আলীকে আটক করতে অভিযান চলছে।
