টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নির্যাতিতা মামলা দায়ের করলে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মিজানুর রহমান, আমির আলী ও অপরাধে সহায়তাকারী গ্রাম পুলিশ মঙ্গল চন্দ্র দাস।
মামলা সূত্রে জানা যায়, প্রতিবন্ধী ঐ গৃহবধূর সঙ্গে মোবাইলে সম্পর্ক গড়ে তোলেন আমির আলী। পরে অর্থের লোভ দেখিয়ে তাকে গোপালপুর থেকে এনে ভূঞাপুরের ফলদা পূর্বপাড়ার গ্রাম পুলিশ মঙ্গল চন্দ্র দাসের বাড়িতে রাখেন। বাড়ির মালিকের সহযোগিতায় আমির আলী তার বন্ধু মিজানুর রহমান ও অজ্ঞাত আরো কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন অভিযুক্তদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ ফজলুল কবির জানান, এই ঘটনায় নির্যাতিতা একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
