‘বিএনপি’র লাগাতার আন্দোলনে পুলিশ পেট্রোল বোমা ছুড়েছে’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমন অভিযোগ মিথ্যা দাবি করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, দায়িত্বশীল ব্যক্তিদের কাছে থেকে এমন বিরূপ মন্তব্য প্রত্যাশিত নয়। রবিবার দুপুর ১টায় পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে, পবিত্র রমজান ও ঈদকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরা হয়। এ সময় আইজিপি বলেন, বিএনপি’র লাগাতার আন্দোলনে কারা পেট্রোলবোমা ছুড়েছে, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা সবাই জানে। এদের অনেকে ধরা পড়েছে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এরা কোন কোন দলের সদস্য সে রেকর্ডও আমাদের কাছে রয়েছে।
সংবাদ সম্মেলনে বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শহীদুল হক বলেন, রমজানের শুরু থেকে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত হাইওয়েতে কোন ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি। রাজধানী ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।
