সংসদে বিদ্যুৎ বিভ্রাট

আপডেট : ০৫ জুলাই ২০১৫, ১৭:১১


জাতীয় সংসদ ভবনে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার বিকেলে সাব-স্টেশনের ট্রান্সফর্মার বিস্ফোরণের কারণে এই বিদ্যুৎ বিভ্রাট হয়। বিকেল ৩টার দিকে সংসদ সচিবালয়ে পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর সঙ্গে সঙ্গে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে সংসদ ভবন। বিকট শব্দে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে বিকল্প ব্যবস্থায় কিছুক্ষণের মধ্যেই কিছু ব্লকে বিদ্যুৎ চলে আসে।

এ ঘটনার প্রায় আধা ঘণ্টা আগেই সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।

সংসদ সচিবালয়ের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিয়াউল আহসান গণমাধ্যমকে জানান, সংসদ ভবনের নবম তলায় সাব-স্টেশনে তিনটি কারেন্ট ট্রান্সফর্মার (সিটি) বিস্ফোরণে এই বিভ্রাট হয়েছে।

তিনি আরো জানান, বিকেল সাড়ে ৩টার দিকে সংসদ ভবনের সব ব্লকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।