মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন ইদ্রাকপুরে মাটি খননের সময় দুই শ গ্রাম স্বর্ণ ও রূপাসহ তামার কৌটা উদ্ধার হয়েছে। রবিবার উপজেলার নুরুল ইসলাম কমান্ডারের বাড়িতে বহুতল ভবন নির্মাণের জন্য মাটি খনন করার সময় কৌটাটি পাওয়া যায়। পরে প্রশাসনকে বিষয়টি জানানো হয়।
ইউএনও সারাবান তাহুরা জানান, কৌটার মধ্য থেকে প্রাচীন কানের দুল, মাটলি, বাকু, স্বর্ণের পুঁথি, রৌপ্য ও রৌপ্যের মোহর উদ্ধার করে ট্রেজারিতে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটির প্রাচীন হিন্দু বাসিন্দারা নিরাপত্তার জন্য এসব গহনা মাটির নিচে লুকিয়ে রাখে। পরে ভারতে চলে গিয়ে আর ফিরে না আসায় বা স্থানটি উত্তরসুরীরা চিহ্নিত না করতে পারায় কৌটাটি মাটির নিচেই থেকে যায়।
