রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মোহম্মাদ জনি (২১) নামের এক হাজতির রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে কারা কর্তৃপক্ষের দাবি, ওই হাজতি রবিবার ভোর ৫টার দিকে কারাগারের ভিতরে গলায় গামছার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ভোর সাড়ে ৫টার দিকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে ৫টা ৪০ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত জনি নগরীর বুলনপুর ঘোষপাড়ার মুক্তার হোসেন ভুট্টুর ছেলে।
জানা গেছে, গত ২৭ জুন রাজপাড়া থানায় দায়েরকৃত একটি চুরির মামলার (৪৮ নম্বর) আসামি জনিকে শনিবার গ্রেফতার করে পুলিশ। ওই দিন বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
কারাগারের জেলার শাহাদাত হোসেন বলেন, 'জনি মহানন্দা ওয়ার্ডের ৪ নম্বর কক্ষে ছিল। ওই কক্ষ থেকে প্রশ্রাবের কথা বলে বেরিয়ে একটি জাম্বুরার গাছের ডালে গলায় গামছার ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে রামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
জেলারের দাবি ‘পারিবারিক কলহের জের ধরে জনি কারাগারের অভ্যন্তরে আত্মহত্যা করেছেন। তার পকেটে তালাক নামার কাগজ উদ্ধার করা হয়েছে। যেটি তার স্ত্রী তাকে দিয়েছে। স্ত্রী কর্তৃক তালাকের কারণেই হয়তো তিনি আত্মহত্যা করেছেন।'
