প্রেমে ব্যর্থ হয়ে রাজশাহীতে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। গত শুক্রবার সন্ধ্যায় নগরীর হেতেম খাঁ এলাকার একটি মেসের কক্ষে তার ঝুঁলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে ময়না তদন্ত শেষে গতকাল শনিবার দুপুরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত তালহা মুকিলা খাতুন নগরীর নিউ গভ. ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।
নগরীর বোয়ালিয়া মডেল থানার এসআই নূরুল আমিন জানান, শুক্রবার বিকালে লাশ উদ্ধারের সময় তালহার কক্ষে তিন পৃষ্ঠার একটি সুইসাইডল নোট পাওয়া গেছে।
সুইসাইডল নোটে তালহা লিখেন, ‘‘আমার জীবনে বড় মাপের মানুষ হওয়ার প্রবল আশা ছিল, কিন্তু জীবন আমার জীবনে বাধা হয়ে দাড়ালো। জীবন আমার স্বপ্নটাকে তুমি এমনভাবে ধূলায় ধূসরিত করলে, যে কষ্ট সহ্য করার মতো ধের্য্য আমার নাই। জীবন তুমি আমাকে এতো কষ্ট দিলে যা সহ্য করা আমার পক্ষে সম্ভব হলো না।’
এরপর তিনি লিখেন, ‘আমার মৃত্যর জন্য জীবনই দায়ী। অন্য কেউ নয়। আমি ছোট বেলা থেকে ভেবেছিলাম, কাউকে বিয়ে করবো না, প্রেম-ভালোবাসা তো দূরের কথা। কিন্তু ২০১৪ সালের ১৮ ডিসেম্বর থেকে জীবন আমার সবকিছু উলোট পালট করে দিল। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর তার চোখের দিকে তাকাতেই সব যেন কি হয়ে গেলো। সেই জীবনকে আমি কখনো পাব না ভাবতেই পারিনি।’’
তালহার বাবা মেহের আলী বলেন, ‘অনেক স্বপ্ন ছিল, মেয়ে বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু সেই মেয়ে এতো তাড়াতাড়ি নিজেকে শেষ করে দিবে, তা জানতাম না। ও আমার সব আশাও শেষ করে দিয়ে গেলো।’
এসআই নূরুল আমিন জানান, তালহা আত্মহত্যার আগে যে নোট লিখেছে, তার ভিত্তিতে জীবনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
