ছিটমহলে যৌথ জরিপ দলের কাজ শুরু

আপডেট : ০৬ জুলাই ২০১৫, ১২:৩৩
 
ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহলে যৌথ জরিপ কার্যক্রম সোমবার শুরু হয়েছে।
 
জরিপে অংশ নিতে শনিবার বাংলাদেশ থেকে ৩৪ সদস্যের একটি দল ভারতে যায়। একই দিন ভারত থেকে বাংলাদেশে আসে ৬৮ সদস্যের একটি দল।
 
জরিপকারীরা জানিয়েছেন, ২০১১ সালে অনুষ্ঠিত যৌথ জনগণনার তথ্যকে ভিত্তি করেই এবারের জরিপ চলছে। এর উপর ভিত্তি করে কারো বিয়ে হয়েছে কি না, কেউ মারা গেছেন কি না, কোনো শিশুর জন্ম হয়েছে কি না এসব তথ্য সংগ্রহ করা হবে।
 
এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে থাকা এসব ছিটমহলের বাসিন্দারা কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করবেন সেই তথ্যও সংগ্রহ করা হবে। নাগরিকত্ব নিয়ে কেউ ভারতে যেতে চাইলে তার ছবি তুলে নেবেন তারা।
 
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অপেক্ষাকৃত ছোট ছিটমহলগুলোতে প্রতিটির জন্য দুজন ভারতীয় এবং একজন বাংলাদেশি জরিপকারী কাজ করবেন। তাদের সহায়তায় একজন তত্ত্বাবধায়ক থাকবেন। আর লোকসংখ্যা ও আয়তনের দিক থেকে বড় ছিটমহলগুলোতে এর দ্বিগুণ জরিপকারী কাজ করবেন বলে জানা গেছে।