আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের ওপর তার আইনজীবীরা দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন।
সোমবার ৪,৫,৬,৭,৮,১৭ ও ১৮ নম্বর অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষের সাক্ষিদের দেয়া বক্তব্য যুক্তিতর্কের মাধ্যমে খণ্ডন করেছেন সালাউদ্দিনের আইনজীবী এসএম শাহজাহান। শুনানিতে তিনি বলেন, ‘যেসব সাক্ষির ওপর ভিত্তি করে সালাউদ্দিনকে দণ্ড দেয়া হয়েছে। তার সবই ছিল শোনা সাক্ষির ওপর ভিত্তি করে। এসব সাক্ষিরা ট্রাইব্যুনালে যে জবানবন্দি দিয়েছেন। তা তদন্তকারী কর্মকর্তাকে বলেননি।’ তিনি আরো বলেন, ‘শোনা সাক্ষিকে বিশ্বাস করতে হলে ট্রাইব্যুনালকে এ বিষয়ে পর্যবেক্ষণ দিতে হবে। কিন্তু রায়ে এ ধরনের কোনো পর্যবেক্ষণ দেয়া হয়নি। সেহেতু এসব সাক্ষির সাক্ষ্য সর্বোচ্চ আদালতে বিবেচনা করা উচিত হবে না।’
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রধান বিচারপতি সালাউদ্দিনের আইনজীবীকে বলেন, ‘আগামীকাল ১ ঘণ্টার আপনি আপনার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করবেন।’
আইনজীবীরা জানিয়েছেন, আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর রাষ্ট্রপক্ষ এর জবাব দিতে পারে। ওই জবাবের পর আসামিপক্ষ যদি মনে করেন পাল্টা যুক্তি দেয়ার প্রয়োজন আছে তাহলে তারা তা দিতে পারেন। ওই পাল্টা যুক্তির পরই মামলার শুনানি শেষ হবে।
২০১৩ সালের ১ অক্টোবর ট্রাইব্যুনাল-১এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল সাকা চৌধুরীকে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় দেয়।
