দোকান সরানোর চেষ্টা, সংঘর্ষে আহত ২০

আপডেট : ০৬ জুলাই ২০১৫, ১৪:৪০
 
জেলার ভাঙ্গায় দোকান তুলে দেয়ার সময় দুই ইউপি সদস্যর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবারের এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
 
আহতদের মধ্যে কালামৃধা ইউনিয়নের বর্তমান সদস্য মিরাজ মাতুব্বর (৩৫), সাবেক ইউপি সদস্য রাজ্জাক মাতুব্বর (৬৫), ইলিয়াচ মাতুব্বর (৩৫), মাহবুব মাতুব্বর (৩২), সিরাজ মাতুব্বর (৪০), লুত্ফর মাতুব্বর (৩৫), ফিরোজ মাতুব্বর (৩৫), বারেক মাতুব্বর (৩৩), মতিয়ার রহমান(৪০) ও মেজবাউদ্দিন (২০)-কে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
 
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, দেওড়াবাজারে ফরিদ সেখের দোকান ঘর তুলতে গেলে বর্তমান ইউপি সদস্য মিরাজ মাতুব্বর বাধা দেয়। অন্যদিকে সাবেক ইউপি সদস্য রাজ্জাক মাতুব্বর ঘর তুলতে চেষ্টা করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।