নারায়ণগঞ্জের চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনায় দায়ের করা দুই মামলার একটির অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজী শহীদুল আলম চৌধুরীর আদালতে শুনানি শেষে এই অভিযোগ গঠন করা হয়।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কে এম ফজলুর রহমান জানান, আজ বিস্ফোরক আইনের মামলার চার্জ তথা অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ২ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
চার্জশিটভুক্ত ছয়জনের মধ্যে নারায়ণগঞ্জে ক্রসফায়ারে নিহত যুবদল ক্যাডার মমিনউল্লাহ ডেভিডের ভাই শাহাদাতউল্লাহ জুয়েল ও হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান গ্রেফতার রয়েছেন। পলাতক রয়েছে ওবায়দুল্লাহ রহমান। ভারতের দিল্লি কারাগারে আটক রয়েছেন সহোদর আনিসুল মোরসালিন ও মুহিবুল মুত্তাকিন। আর জামিনে আছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু। সোমবার আদালতে মুফতি হান্নান ও জুয়েলকে কঠোর নিরাপত্তায় হাজির করা হয়েছিল।
প্রসঙ্গত ২০০১ সালের ১৬ জুন শহরের চাষাঢ়াস্থ আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় ২০ জন নিহত হন। হামলার পরদিন খোকন সাহা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় বিস্ফোরক ও হত্যা মামলা দায়ের করেন। সিআইডি’র নারায়ণগঞ্জ অফিসের সহকারী পুলিশ সুপার (এএসপি) এহসান উদ্দীন চৌধুরী ঘটনার দীর্ঘ ১২ বছর পর দুইটি মামলায় ২০১৩ সালের ২ মে ছয়জনকে অভিযুক্ত ও ৩১ জনকে অব্যাহতি প্রদান করে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করা হয়।
