নাইজেরিয়ায় চার্চে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

আপডেট : ০৬ জুলাই ২০১৫, ১৬:৩২



নাইজেরিয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি চার্চে আত্মঘাতী বোমা হামলায় ছয় ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ইয়োব প্রদেশের পোতিস্কাম এলাকায় এই হামলার ঘটনা ঘটে। রেড ক্রসের সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছ। খবর বিবিসির।

খবরে বলা হয়, ইয়োবের পোতিস্কাম শহরে বোকো হারামের এক আত্মঘাতী সদস্য বোমা হামলা করে।

রেড ক্রসের কর্মকর্তা হাসান আলহাজি মোহাম্মদ বলেছেন, ‘লোকজন কেবল চার্চে ঢুকছিলেন, এমন সময় হামলাটি হয়। তা না হলে হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারত।’

পোতিস্কামের একটি হাসপাতাল জানিয়েছে, তারা ছয়টি লাশ পেয়েছে।

এর আগে গত সপ্তাহে বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় কমপক্ষে ২০০ লোক মারা গিয়েছিল। কট্টরপন্থী ইসলামিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় সশস্ত্র তৎপরতা চালিয়ে যাচ্ছে বোকো হারাম। তাদের এই সহিংস কর্মকাণ্ডে গত ছয় বছরের ১৭ হাজার মানুষ নিহত হয়েছেন।