সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সোমবার শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই অবস্থা। দুই বাজারে কমেছে সবকটি মূল্যসূচক। এদিন দুই বাজারেই ব্যাংক, বীমা, আর্থিক খাতসহ সবকটি খাতের সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে ২২৭টির। দাম বেড়েছে ৭৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।
খাতভিত্তিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, ব্যাংকিং খাতের ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে মাত্র ছয়টির। আর্থিক খাতের ১৪টির শেয়ারের দাম কমেছে এবং দাম বেড়েছে পাঁচটির। প্রকৌশল খাতের ২৬টির দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে পাঁচটির। জ্বালানি খাতের ১৪টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং বেড়েছে চারটির। বীমা খাতের ২৯টির শেয়ারের দাম কমেছে এবং বেড়েছে ১৪টির। ওষুধ খাতের ২৪টির শেয়ারের দাম কমেছে এবং বেড়েছে সাতটির।
গুরুত্বপূর্ণ খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪০ পয়েন্ট কমে ৫ হাজার ৬৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি মূল্যসূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় আট পয়েন্ট কমে এক হাজার ৩০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে এক হাজার ৯৯১ পয়েন্টে অবস্থান করছে।
মূল্যসূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৬৮২ কোটি এক লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৬২ কোটি ২৭ লাখ টাকা। সে হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১৯ কোটি ৭৪ লাখ টাকা।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের শেয়ার। কোম্পানিটির ৯০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ৫২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস। লেনদেনে এরপর রয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যাল, প্রিমিয়ার ব্যাংক, ফরচুন সুজ, সিঙ্গার বাংলাদেশ, ন্যাশনাল টিউবস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জেনেক্স ইনফোসিস, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ, সাফকো স্পিনিং, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, সোনার বাংলা ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, রেকিট বেনকিজার ও এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আরএকে সিরামিকস, মুন্নু সিরামিক, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, ফার্স্ট ফাইন্যান্স, বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট, সি এন্ড এ টেক্সটাইল, মুন্নু স্টাফলার, তুংহাই নিটিং অ্যান্ড ডাইং, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও ইস্টার্ন হাউজিং।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৪৭ পয়েন্ট কমে ১০ হাজার ৫৫৫ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ২১ কোটি ৮ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৩টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
