তিউনিসিয়ার সমুদ্রতীরের সুস শহরের একটি হোটেলে বন্দুকধারীর হামলায় ৩৮ জন নিহতের এক সপ্তাহ পর দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট বেহি কেইদ এসেবসি।
গত ২৬ জুনের ওই হামলা দেশকে 'গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে' বলে জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। টেলিভিশনে দেয়া বক্তব্যে এসেবসি বলেন, 'জঙ্গিবাদের ঝুঁকি, এর বিস্তার ও আঞ্চলিক প্রেক্ষাপটের কারণে আমরা জরুরি অবস্থা ঘোষণা করেছি।'
সুসের হোটেলের বাইরে সমুদ্র সৈকতে চালানো হামলায় নিহতদের অধিকাংশই যুক্তরাজ্যের নাগরিক। প্রেসিডেন্ট বলেন, 'ধারাবাহিক হুমকি দেশকে গৃহযুদ্ধের হুমকির মুখে ঠেলে দিয়েছে, ফলে প্রয়োজনীয় সব পদক্ষেপ আমাদের নিতে হবে।'
উল্লেখ্য, গত মাসের ২৬ তারিখ সুসের সৈকতে একটি হোটেলের বাইরে একজন বন্দুকধারী একাই গুলি করে ৩৮ জনকে হত্যা করেন। নিহতদের মধ্যে ৩০ জন ব্রিটেনের নাগরিক। হামলাকারী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সাথে জড়িত।
হোটেলে হামলার পর তিউনিসিয়া সরকার সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলে ৮০টি মসজিদ বন্ধ করে দিয়েছে। ২০১১ সালে সাবেক স্বৈরশাসক বেন আলি সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় তিউনিসিয়ায় সর্বশেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।
