রাবির ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ০১:০০

দেশের দ্বিতীয় ও উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল সোমবার উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 
দিবসটি উপলক্ষে সকাল ১০টার দিকে সিনেট ভবন চত্বরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এর পরপরই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন জাতীয় পতাকা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং প্রাধ্যক্ষবৃন্দ নিজ নিজ হলের পতাকা উত্তোলন করেন। তারপর শান্তির প্রতীক পায়রা ও বর্ণিল বেলুন-ফেস্টুন ওড়ানোর পর ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য।
 
উদ্বোধন অনুষ্ঠানের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে সিনেট ভবনে ‘গৌরবের ৬২ বছর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
 
সভায় বক্তারা বলেন, আমরা যদি দেশ, জাতি-সমাজ তথা সামগ্রিকভাবে বিশ্ব মানবতার কল্যাণে নিজেদের বিকশিত করতে পারি তবেই আমাদের শিক্ষা অর্থবহ হবে।
 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে বর্তমান অবস্থার উপর একটি স্লাইড শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক।