গ্রিসের ঋণ সঙ্কট সমাধানে আন্তর্জাতিক দাতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশটির অধিকাংশ ভোটার ‘না’ ভোট দিয়েছেন। রবিবারের গণভোটে কৃচ্ছ্রতার শর্ত খারিজ করার পর গতকাল সোমবার আকস্মিক পদত্যাগ করেছেন দেশটির অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস। খবর বিবিসি ও রয়টার্সের।
এদিকে গ্রিসের গণভোটের এই ফলাফল এবং অর্থমন্ত্রী পদত্যাগে আন্তর্জাতিক শেয়ারবাজারে সূচকের দরপতন ঘটেছে। পড়ে গেছে তেলের মূল্য। এদিকে গতকাল গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালিক্সিস সিপ্রাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ইউরোপীয় কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন।
ঋণদাতারা গ্রিসকে নতুন প্রস্তাব দিতে চাপ সৃষ্টি করছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ঋণদাতাদের শর্তের বিরুদ্ধে কট্টর অবস্থানের জন্য ইউরোজোনের বহু দেশের কাছে বিশেষ করে জার্মানির কাছে অপ্রিয় হয়ে উঠছিলেন ভারুফাকিস। এ কারণে তার এই অকস্মাত্ পদত্যাগকে মীমাংসার জন্য গ্রিসের আগ্রহের প্রতিফলন বলে অনেক পর্যবেক্ষক ব্যাখ্যা করছেন। গণভোটের ফলাফলের পর গ্রিসের সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে ইউরো মুদ্রা ত্যাগ করার কোনো ইচ্ছা তাদের নেই, তাদের আপত্তি শুধু কিছু কঠোর শর্ত নিয়ে। গ্রিসের কেন্দ্রীয় ব্যাংক জরুরি ঋণ নিয়ে আলোচনায় বসতে দুই একদিনের মধ্যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা ইসিবির কাছে প্রস্তাব পাঠাবে। তবে এই আলোচনায় কতদূর ইতিবাচক ফল হবে তা নিয়ে জার্মানি শঙ্কা জানিয়েছে। জার্মানির ক্রুদ্ধ ডেপুটি চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী সিপ্রাস গ্রিস ও ইউরোপের মধ্যে সেতু দুমড়ে মুচড়ে দিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, ইসিবির কাছ থেকে দ্রুত টাকা না পেলে গ্রিসের ব্যাংকগুলোর ভাণ্ডার শূন্য হয়ে যাবে।
বাজারে দরপতন
আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া পড়েছে। সোমবার লেনদেন শুরু হওয়ার পর গতকাল মার্কিন স্টক এক্সচেঞ্জ ওয়াল স্ট্রিটের শেয়ারে পতন হয়েছে। ইউরোপ ও এশিয়ার শেয়ারের দাম পড়ে গেছে। মার্কিন ডলার ও ব্রিটিশ পাউন্ডের বিপরীতে ইউরো’র মূল্য যথাক্রমে শূন্য দশমিক ৪ শতাংশ এবং শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। জাপানের নিকেই সূচক পড়ে গেছে দুই শতাংশ। প্রায়ই একই হারে দাম পড়ে গেছে প্যারিস এবং ফ্রাঙ্কফুটের শেয়ার বাজারেও। ব্রিটেন ইউরোজোনের অংশ না হলেও লন্ডনের ফুটসি সূচক সকালেই এক শতাংশ পড়ে যায়। ফরাসি ব্যাংক বিএনপি পরিবার’র গবেষক ফিলিপ গিজেলস জানিয়েছেন, ইউরো জোন থেকে গ্রিসের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা যে বাড়ছে তা অস্বীকার করার উপায় নেই। গিজেলস বলেন, মীমাংস আলোচনা হবে কিন্তু ফলাফল অনিশ্চিত। মুদ্রা ব্যবসায়ী প্রতিষ্ঠান ফরেক্সডটকমের গবেষণা পরিচালক ক্যাথলিন ব্রুকস সাবধান করেছেন ইউরোর বিনিময় মূল্য আরো পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
গণভোটে ৬১ শতাংশ ভোটার ‘না’ ভোট দিয়েছেন। ওই ভোটে ৬৩ শতাংশ ভোট পড়ে। ইউরোজোনের নেতৃবৃন্দ আজ মঙ্গলবার গণভোটের ফলাফল নিয়ে বৈঠকে বসবেন। তবে এই ভোটের ফলাফল নিয়ে গ্রিসের সাধারণ মানুষের মনে এখনো আতঙ্ক বিরাজ করছে। ইউরো জোনের অর্থমন্ত্রী জেরোইন জেসেলব্লয়েম বলেন, গ্রিসের বর্তমান সংকট থেকে বেরিয়ে আসা খুবই কঠিন এবং এক্ষেত্রে সংস্কার অপরিহার্য। তিনি বলেন, গণভোটের ফলাফল গ্রিসের ভবিষ্যতের জন্যই খুব ভাল ফল বয়ে আনবে না।
গ্রিসের প্রধানমন্ত্রী সিপ্রাস রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন। পুতিন সিপ্রাসকে ফোন করে বলেছেন, এই সংকটে গ্রিসের পাশে দাঁড়াবে রাশিয়া। ই-মেইলে দেয়া এক বিবৃতিতে রুশ সচিবালয় ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট সিপ্রাসের সঙ্গে আলোচনায় ইউরোপের সঙ্গে সমঝোতার ওপর গুরুত্ব দিয়েছেন। এছাড়া সিপ্রাস ফরাসি প্রেসিডেন্ট এবং জার্মান চ্যান্সেলরের সঙ্গেও কথা বলেছেন।
