ঈদ সামনে রেখে নগরীতে ছিনতাইকারীচক্র বেশ তত্পর হয়ে উঠেছে। এদের মধ্যে নারী সদস্যও রয়েছে। নারী সদস্যরা দামি কাপড় বা বোরকা পরে বিভিন্ন মার্কেটে ঘোরাঘুরি করে । সুযোগ বুঝে এরা মহিলা ক্রেতাদের ভ্যানিটি ব্যাগের সব কিছু হাতিয়ে নেয়। আবার অনেক সময় ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। পুরুষ ছিনতাইকারীরা বিভিন্ন সড়কে বা মার্কেটের সামনে থাকে। তারা সুযোগ বুঝে ক্রেতাদের সব ছিনিয়ে নেয়।
গত শুক্রবার রাতে সিলেট নগরীর শুকরিয়া মার্কেট থেকে এক মহিলার ভ্যানেটিব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ব্যবসায়ীরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত সুমি বেগম, মলি বেগম ও ফাতেমা আক্তারকে গ্রেফতার করে।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে হাউজিং এস্টেটের মূল গেটের সামনে থেকে এক যুবকের মোবাইল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
ছিনতাইয়ের শিকার যুবকের নাম মারোয়ান আহমদ। তিনি বাদামবাগিচার ৩৪ নং বাসার বাসিন্দা ফারুক আলী জায়গীরদারের ছেলে।
মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানান নগরীতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ২০ রমজান পর্যন্ত নগরীতে এক হাজার পাঁচশ’ পুলিশ দায়িত্বরত রয়েছে। পরে আরও বাড়ানো হবে।
