নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড এর উপ-নির্বাচনে কাউন্সিলর পদে ৫ প্রার্থীর সকলেরই মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান। সোমবার দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষাণা দেয়া হয়।
জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান জানান, মনোনয়নপত্রে কোনো সমস্যা না থাকায় জমা দেয়া সব মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়। যাদের মনোনয়ন বৈধ করা হয়েছে তারা হচ্ছে নজরুল ইসলাম, আমির হোসেন ভান্ডারী, আরিফুল হক হাসান, এআর রাসেল ও আব্দুল আজিজ। আগামী ১৩ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২ আগষ্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। সাত খুনের ঘটনার পর কাউন্সিলর নুর হোসেনের বাড়ি থেকে বন্যপ্রাণী উদ্ধার করে পুলিশ। এ কারণে বন্যপ্রাণী আইনে তার এক বছরের সাজা হয়। মামলায় দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন সিটি করপোরেশনে অনুপস্থিত থাকায় গত ৭ মে স্থানীয় সরকার বিভাগ নূর হোসেনের কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করেন।
খবর বাসসের।
