বাংলাদেশি বংশোদ্ভুত তিন নারী রুশনারা আলী, রূপা হক ও টিউলিপ রেজওয়ানা সিদ্দীক ব্রিটিশ কমন্সসভার সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশের জাতীয় সংসদে ধন্যবাদ জানানোর প্রস্তাব পাস হয়েছে। মঙ্গলবার সকালে এই সংক্রান্ত আলোচনা সভার প্রস্তাব পাস করা হয়।
অধিবেশনে সংসদীয় সাধারণ বিধি-১৪৭ ভিত্তিতে প্রস্তাব করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি।
অধিবেশনের সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদের অভিমত এই যে, বাংলাদেশি বংশোদ্ভুত তিনজন নারী হাউস অব কমন্স-এর সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয় সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে রুশনারা আলী, রূপা হক ও টিউলিপ রেজওয়ানা সিদ্দীককে ধন্যবাদ জানানো হোক।
তিনি বলেন, এই প্রস্তাবে সংসদে কোন সংশোধনী প্রস্তাব পাওয়া যায়নি। তবে স্পিকার চাইলে সংসদীয় কার্যবিধি ১৫৮ বিধি অনুসারে আলোচনার সময়সীমা নির্ধারণ করতে পারেন।
চীফ হুইপ আ স ম ফিরোজ বলেন, মাননীয় স্পিকার, এই প্রস্তাবের উপর ২২ জন সদস্যের বক্তব্য দেয়ার জন্য নাম রয়েছে। সময়ের মধ্যে সদস্যরা যাতে বক্তব্য শেষ করেন সে বিষয়ে অবহিত করবেন।
এতে প্রথমে বক্তব্য রাখেন দীপু মনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মেহের আফরোজ চুমকি ও আব্দুল মান্নান।
