রাজশাহীতে নাশকতার মামলায় জামায়াত ও যুবদলের তিন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাট থেকে জামায়াতের উপজেলা সেক্রেটারি আনোয়ার জাহিদকে (৩৮) এবং সোমবার রাতে রাজশাহী মহানগরী থেকে তানোর উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান ও পৌর যুবদলের সভাপতি আব্দুল মান্নানকে মহানগর ডিবি পুলিশ গ্রেফতার করে।
গোদাগাড়ী মডেল থানার ওসি এসএম ফরহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাজাবাড়ী হাট থেকে আনোয়ার জাহিদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার ছয়টি মামলা রয়েছে।
তিনি আরো জানান, পুলিশের কাছে খবর ছিল, আনোয়ার জাহিদ সম্প্রতি এলাকায় ফিরে তিনি দলীয় কর্মীদের সংগঠিত করার চেষ্টা করছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে পূর্বের মামলায় বিকেলেই তাকে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে ডিবি পুলিশ জানায়, মহানগরী থেকে গত ১৯ জানুয়ারি বাসে পেট্রোল বোমা হামলার মামলায় তানোর উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান ও পৌর যুবদলের সভাপতি আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
