ইন্টারনেট ভিত্তিক সংগঠন ‘সিপি গ্যাং’ অ্যাডমিন গ্রেফতার

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ২১:০৪
ইন্টারনেট ভিত্তিক সংগঠন ‘সিপি গ্যাং’য়ের অ্যাডমিন রতন পালকে (২৭) পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশ রাজধানী ঢাকার রামপুরা মহানগর প্রজেক্টের অফিস থেকে তাকে গ্রেফতার করে।
 
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ধারাবাহিকভাবে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি  মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রূপসপুর এলাকার বাসিন্দা।
 
তিনি আরো জানান, গত ২৪ মে চারঘাট মডেল থানায় তাপস পাল নামের স্থানীয় একব্যক্তি তথ্য প্রযুক্তি আইনে মামলাটি করেন। পরে তদন্তে রতন পালের সম্পৃক্ততা পাওয়ায় ঢাকার রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে তাকে চারঘাট মডেল থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য বুধবার আদালতে হাজির করে পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।
 
এদিকে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) খায়রুল আলম মামলার বাদী তাপস পালের বরাত দিয়ে জানান, আসামি প্রায় এক বছর ধরে ফেসবুকে বাদীর বিরুদ্ধে অশালীন, মানহানিকর ও মিথ্যা তথ্য দিয়ে স্ট্যাটাস দিয়ে আসছিলেন। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রদত্ত ওইসব স্ট্যাটাস তার নয়। তবে ওই  ফেসবুক পেইজে দেয়া মোবাইল নম্বরটি তার নিজের বলে আসামি রতন পাল স্বীকার করেছেন।