সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় কিসমিস ও পোস্তদানা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে চোরাচালান বিরোধী টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য আট লাখ টাকার বেশি।
জয়পুরহাট কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্সের অভিযানে বিজিবি ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করে।
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমান ভারতীয় মালামাল পাঠানো হচ্ছে এমন খবর পেয়ে টাস্কফোর্স অভিযান চালায়। এসময় জয়পুরহাটের জামালগঞ্জ সড়কে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং অফিস থেকে ২৭ বস্তা মালামাল জব্দ করে টাস্কফোর্স। এর মধ্যে ২৫ বস্তার ভেতর থেকে দুই হাজার ৩৫০ কেজি ভারতীয় কিসমিস এবং দুই বস্তার ভেতর থেকে ১৯০ কেজি পোস্তদানা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের সঙ্গে কাউকে গ্রেফতার করতে পারেনি টাস্কফোর্স।
মালামালগুলো হিলি শুল্কগুদামে জমা দেয়া হয়েছে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
