আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে সমঝোতার রাজনীতি দরকার। কিন্তু খালেদা জিয়াকে দিয়ে দেশে সমঝোতার রাজনীতি সম্ভব নয়। বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করেন। সংঘাত দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব নয়।
তিনি বলেন, বিএনপির ভাঙন অবশ্যম্ভাবী। আর বেগম খালেদা জিয়া তা ত্বরান্বিত করেছেন। বিএনপিতে এখন তার নেতৃত্ব প্রশ্নবিদ্ধ। তাই তৃণমূলে বিএনপির নেতা-কর্মীরা হতাশ হয়ে আওয়ামী লীগে যোগদান করছে।
হাছান মাহমুদ বলেন, বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের ক্ষোভের মাধ্যমে এটাই প্রমাণ হয়- বেগম জিয়ার রাজনীতির বিদায় ঘন্টা বেজে গেছে। বিএনপির নেতৃত্ব থেকে বেগম খালেদা জিয়ার সরে দাঁড়ানো সময়ের ব্যাপারমাত্র।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া রাজনীতি, আন্দোলন এবং পরিবার গঠনে ব্যর্থ হলেও ষড়যন্ত্রের রাজনীতিতে তিনি অত্যন্ত পটু। তাই আওয়ামী লীগের নেতা-কর্মীদের বেগম খালেদা জিয়ার ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে হবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ‘চলমান রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে।
জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, কৃষক লীগ নেতা এম করিম ও মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।
