গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত মনিকা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। উপজেলার দক্ষিণ হাতিবান্দা গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় আলম বাদশা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক পুলিশ করেছে।
নিহত মনিকা উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ হাতিবান্দা গ্রামের লাল মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লাল মিয়ার সঙ্গে প্রতিবেশী আলম বাদশার ধারের টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে লাল মিয়া মেয়ে মনিকাকে সাথে নিয়ে আলম বাদশার কাছে পাওনা দুই হাজার টাকা চাইতে যায়। এ সময় দুইজনের বাক-বিতন্ডার এক পর্যায়ে শিশু মনিকাকে ছুরিকাঘাত করেন আলম বাদশা। মনিকাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সে মারা যায়।
সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, এ ঘটনায় মনিকার বাবা লাল মিয়া বাদী হয়ে বুধবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
