সমতা ফেরাতে চায় অস্ট্রেলিয়া

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২১:২৫

স্পোর্টস রিপোর্টার

ইতিহাসের বড় একটা সময় ধরে সারা বিশ্বের ক্রিকেটের মতো, ভারতের ওপরই শ্রেষ্ঠত্ব ছিল অস্ট্রেলিয়ার। এখনও দুই দলের মুখোমুখি ওয়ানডে লড়াইয়ে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া। দুই দলের লড়াইয়ে ভারতের ৪৮টি জয়ের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতেছে ৭৪টি ম্যাচ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই চিত্র বদলে গেছে।

এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে সব জায়গাতেই এগিয়ে থাকে ভারত। কিছুদিন আগে তারা অস্ট্রেলিয়ায় গিয়েও টেস্টের পাশাপাশি ওয়ানডে সিরিজ জিতে এসেছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে আজ নিজেদের মাঠে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। অন্য দিকে অস্ট্রেলিয়ার জন্য এটা সিরিজে ফেরার সুযোগ। অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা বলছেন, তারা সমতা ফেরানোর ক্ষমতা রাখেন।

চলমান সীমিত ওভারের ভারত সফরে অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছে দারুণ। নিজেদের মাটিতে সিরিজ হারের হতাশা কাটিয়ে তারা টি-টোয়েন্টিতে ভারতে এসে ভারতকে হোয়াইট ওয়াশ করেছে। ফলে এই সফরটাকে অস্ট্রেলিয়ার প্রতিশোধের মিশন হিসেবে দেখার একটা সুযোগ আছে। কিন্তু ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। ফলে আজ জিতলে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে তারা।

অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হলো ভারতের দারুণ ছন্দে থাকা ব্যাটিং লাইনআপকে থামানো। বিরাট কোহলির অবিশ্বাস্য ফর্মের পাশাপাশি রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরাও আছেন দারুণ ছন্দে। ভারতের এই ব্যাটিং লাইনআপের গভীরতা যে কোনো প্রতিপক্ষকে হতাশ করে দিতে পারে। সেই সাথে বিদেশে ভালো করে আসার পাশাপাশি নিজেদের মাটিতেও ভালো বল করছেন মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহরা।

অস্ট্রেলিয়ার জন্য দুশ্চিন্তার ব্যাপার এর বিপরীত। গ্লেন ম্যাক্সওয়েল ছাড়া সীমিত ওভারের ক্রিকেটে খুব ভালো ফর্মে কেউ নেই। যদিও প্রথম ওয়ানডেতে ফিফটি করেছিলেন উসমান খাজা। অনভিজ্ঞ ব্যাটিংটা সব ফরম্যাটেই, বিশেষ করে টেস্ট ও ওয়ানডেতে ভোগাচ্ছে অস্ট্রেলিয়াকে। তাদের বোলাররাও খুব একটা দাঁত বসাতে পারছেন না।

অবশ্য অস্ট্রেলিয় স্পিনার অ্যাডাম জাম্পা বলছেন, তিনি এই সফরে খুব ভালো বল করতে পারছেন বলে মনে হচ্ছে। তার এরকম মনে হওয়ার কারণ আছে। তিনি সর্বশেষ তিন ইনিংসে দু বার বিরাট কোহলিকে আউট করেছেন। এর বড় কৃতিত্ব দিচ্ছেন জাম্পা অস্ট্রেলিয়ার ভারতীয় স্পিন কোচ শ্রীধরন শ্রীরামকে। জাম্পা বলছিলেন, ‘শ্রীর এখানকার অভিজ্ঞতা ও জ্ঞান আছে। অস্ট্রেলিয়াতে আমরা মূলত বেশি টপ স্পিন ও উল্টো টার্নের বল করে অভ্যস্থ। কিন্তু এখানে আমাদেরকে আরেকটু বড় লেন্থের বল করতে হচ্ছে এবং সাইড স্পিন করাতে হচ্ছে। লেগ স্পিন করলে স্লাইডার করতে হচ্ছে। আমি নেটে এগুলো করছি।’