স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবল লিগে শিরোপা লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী যেন উড়ছে। মোহামেডানকে হারানোর পর আরেকটি জয় তুলে নিয়েছেন আবাহনী। ৩-১ গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে আবাহনী যেন পয়েন্ট টেবিলে উড়ে বেড়াচ্ছে। ১০ খেলায় আট জয়ে ২৪ পয়েন্ট পেয়ে এখন টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে আবাহনী। পেছনে সমান খেলায় ২২ পয়েন্ট নিয়ে পিছু নিয়েছে লিগের নবাগত বসুন্ধরা কিংস। আট খেলায় ২০ পয়েন্ট নিয়ে শেখ রাসেলও কোনোভাবে পিছিয়ে নেই। তবে শিরোপা ধরে রাখতে আবাহনী কঠিন লড়াই করে যাচ্ছে। ঢাকার মাঠে মোহামেডানকে ৩-০ গোলে হারানো আবাহনী গতকাল গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে ময়মনসিংহের মাঠে। এই মাঠ আরামবাগ এবং সাইফের ভেন্যু। নিজেদের ভেন্যুতে লড়াইয়ে নেমে আবাহনী যখন দুই গোলে এগিয়ে যায়, ৯ মিনিটে নাবীব নেওয়াজ জীবন এবং ২৮ মিনিটে নাইজেরিয়ান সানডে গোল করেন ২-০। ৫৫ মিনিটে সানডে আবারও গোল করেন ৩-০। আবাহনী ধরে নেয় জয় হাত ছাড়া হওয়ার সুযোগ নেই। তিন গোলে পিছিয়ে থাকা সাইফের ফেরার সুযোগ কম। সেই দুর্বলতা কাজে লাগিয়ে আবাহনীর জালে সাইফ একটা গোল করে আবাহনীকে ধাক্কা দিয়েছিল। রুশ ফুটবলার ড্যানিশ বলশাকভ গোল করে সম্ভাবনা জাগিয়ে ছিল খেলায় ফেরার। টনকনড়ে আবাহনীর। আর কোনো সুযোগ দেয়নি। ৯ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং চতুর্থ স্থানে রয়েছে।
আবাহনীর সানডে চিজোবা সাত গোল করে মুক্তিযোদ্ধার আইভরী কোস্টের বাল্লো ফামোসাকে টপকে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। বাল্লো ফামোসা সাত গোলে গড়ে একাই শীর্ষে ছিলেন। তার তাতে ছুঁয়ে দিলেন আবাহনীর সানডে। দেশি ফুটবলারদের মধ্যে আবাহনীর নাবীব নেওয়াজ জীবন পাঁচ গোলে এগিয়ে থাকলেন। সাইফের রাশিয়ান বলকাশভের চতুর্থ গোল এটি।
নোয়াখালীতেও মোহামেডানের হার
নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামের মাঠেও লজ্জার হার নিয়ে ফিরেছে মোহামেডান। নোফেল স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হারিয়েছে মোহামেডানকে। খেলার ৮৫ মিনিটে পেনাল্টি হতে গোল করেন গিনির ফুটবলার ইসমাইল বাঙ্গুরা। ৯ খেলায় নোফেলের এটি দ্বিতীয় জয়। এই মাঠেই প্রথম জয় পেয়েছিল ২-০ গোলে ব্রাদার্সকে হারিয়ে। আবাহনীর কাছে হারের পর মোহামেডান ম্যানেজার আমিরুল ইসলাম বাবু সংবাদ মাধ্যমকে জানিয়ে ছিলেন প্রথম পর্বে শেষ চারটি ম্যাচের মধ্যে দুই তিনটি জিতবেন। নোফেলের বিপক্ষেও তাদের জয় আসবে। উল্টো হারের লজ্জা নিয়ে ফিরতে হলো। প্রথম খেলায় মোহমেডানের একমাত্র জয়টি বিজেএমসির বিপক্ষে। ৯ খেলায় মোহামেডানের হার ছয়টি। ড্র দুইটি। পয়েন্ট মাত্র পাঁচ।
ঢাকায় শেখ জামালের ড্র
ময়মনসিংহ এবং নোয়াখালীতে জয়-পরাজয় হলেও ঢাকায় লিগের বর্তমান রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং চট্টগ্রাম আবাহনীর খেলায় গোল হয়নি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসা গুটিকয়েক দর্শক গোলের দেখা পাননি। ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী শেখ জামালের (১৩ পয়েন্ট) নিচে থাকলেও মুক্তিযোদ্ধাকে ডিঙ্গিয়ে একধাপ উপর উঠেছে।
গতকালকের ফলাফল :
n আবাহনী ৩ ঃ ১ সাইফ স্পোর্টিং
n নোফেল ১ ঃ ০ মোহামেডান
n শেখ জামাল ০ ঃ ০ চট্টগ্রাম আবাহনী
আজকের খেলা ঃ
বসুন্ধরা কিংস ও শেখ রাসেল। ৩টা ৩০, শেখ কামাল স্টেডিয়াম, নীলফামারী। মুক্তিযোদ্ধা ও ব্রাদার্স। ৩টা ৩০, শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, গোপালগঞ্জ। আরামবাগ ও রহমতগঞ্জ। ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।
