শেষ আট নিশ্চিতে নামবে টটেনহ্যাম
স্পোর্টস ডেস্ক
শিরোপাধারী রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ মঙ্গলবার রাতে আয়াক্সকে আতিথ্য দেবে। প্রতিযোগিতার অন্য ম্যাচে তিন গোলের ঘাটতি পোষানোর লক্ষ্যে ঘরের মাঠে টটেনহ্যামের বিপক্ষে খেলবে বরুশিয়া ডর্টমুন্ড।
মৌসুমের শুরু থেকেই চড়াই-উতরাইয়ের মধ্যে থাকা রিয়াল নিজের মাঠে বার্সেলোনার কাছে চারদিনের ব্যবধানে দুই হারে ফলে কোপা দেল রে এবং লা লিগার লড়াই থেকে ছিটকে গেছে। ফলে শিরোপার জন্য এখন চ্যাম্পিয়ন্স লিগই তাদের একমাত্র ভরসা।
রিয়াল এমন পরিস্থিতিতে আগেও পড়েছিলো। এবারের সঙ্গে অতীতের পার্থক্যটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতি। এ মৌসুমে তার অনুপস্থিতি ভালোই ভোগাচ্ছে রিয়ালকে। গেল মৌসুমের লা লিগায় যেখানে ম্যাচপ্রতি ২.৪৭টি করে গোল করেছিলো রিয়াল সেখানে এবার তা নেমে এসেছে ১.৬৫-এ। বার্সার বিপক্ষে গেল দুই ম্যাচে কোনো গোলই পায়নি রিয়াল।
শিরোপাহীন মৌসুম এড়াতে এমন গোলখরা কাটিয়ে উঠতে হবে কোচ সান্তিয়াগো সোলারির দলকে। তার মধ্যেই ডাচ দল আয়াক্সের মুখোমুখি হচ্ছে রিয়াল। স্প্যানিশ ক্লাবটির একমাত্র স্বস্তি আয়াক্সের মাঠে পাওয়া দুই গোলসহ জয়। তবে শেষ তিন ম্যাচে ঘরোয়া প্রতিযোগিতায় আয়াক্স ১৩ গোল করেছে। তার মধ্যে আবার অধিনায়ক সার্জিও রামোসের নিষেধাজ্ঞা দুশ্চিন্তায় রেখেছে কোচ সোলারিকে।
মিডফিল্ডার লুকা মদ্রিচ এমন প্রেক্ষিতের মধ্যে গতকাল জানালেন এই ম্যাচকে মৌসুমের জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। ব্যালন ডি’অর জয়ী ক্রোয়েশিয়টির ভাষায়- ‘আমাদের জন্য চ্যাম্পিয়ন্স লিগ সবসময়ই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আগামীকাল (আজ) আমরা বেশ ভালো একটা দলের মুখোমুখি হতে যাচ্ছি যারা তরুণ এবং উচ্চাভিলাষীও। এই ম্যাচটা মৌসুমের জন্য বেশ গুরুত্বপূর্ণ।’
মদ্রিচ আরো বলেন- ‘আমরা কোয়ার্টার ফাইনালে খেলতে চাই। এটা খুব সহজ নয় কিন্তু আমরা তৈরি এবং অসাধারণ একটি ম্যাচ খেলতে যাচ্ছি, যা লড়াইয়ে উত্তীর্ণ হওয়ার জন্য খুবই জরুরি।’
বার্সেলোনার কাছে টানা হারের দুঃস্মৃতি ভুলে যেতে চাইলেন ক্রোয়াট খেলোয়াড়। তিনি বলেন- ‘যখন আপনি আপনার চিরপ্রতিদ্বন্দ্ব্বীর কাছে দুই ম্যাচ হারবেন তখন তা আপনার জন্য সুখকর হবে না। আমরা স্তম্ভিত। কিন্তু কালকের ম্যাচটি খুব তাড়াতাড়িই এগিয়ে আসছে এবং অনুশোচনার কোনো সুযোগই নেই। ম্যাচটার স্মৃতি ভুলে যেতে হবে আমাদের।’
টটেনহ্যামও ঘরোয়া আসরে রিয়ালের মতোই দুর্দশায়। স্ট্রাইকার হ্যারি কেইন যদিও জানিয়েছেন টটেনহ্যাম তাদের প্রিমিয়ার লিগের দুর্দশা কাটিয়ে উঠবে। বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে আজ মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার আগে এ আশাবাদ ব্যক্ত করেন ইংল্যান্ড স্ট্রাইকারটি।
মাত্র সাতদিনের ব্যবধানে বার্নলি ও চেলসির কাছে হার এবং শনিবার উত্তর লন্ডন ডার্বিতে আর্সেনালের সাথে ড্রয়ে টটেনহ্যামের প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়। পাঁচ বছর আগে মরিচিও পচেত্তিনো দলটির কোচের দায়িত্ব নেয়ার পর যখন সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল হচ্ছিল, সেই সময়ে আগের মতোই ব্যর্থ হচ্ছে টটেনহ্যাম।
কেইন এরপরও বিশ্বাস করেন টটেনহ্যাম বেদনাদায়ক সপ্তাহটি থেকে ঘুরে দাঁড়াতে পারবে। এজন্য তিনি দলসঙ্গীদের ডর্টমুন্ডকেই ঘুরে দাঁড়ানো উপলক্ষ্য হিসেবে বেছে নিতে আহবান জানান। আর্সেনালের বিরুদ্ধে ড্রয়ে গোল করা স্ট্রাইকার কেইন বলেন- ‘তারপরও এটা একটা পয়েন্ট। আমরা তিন পয়েন্ট চেয়েছিলাম। তবে এটা হারের ধারাটা থামিয়েছে। এখন আমরা ডর্টমুন্ডের ব্যাপারে মনোযোগ দিতে পারবো। এরপর দেখবো সাউদাম্পটনকে।’
টটেনহ্যাম ওয়েম্বলিতে আগের খেলায় ৩-০ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের পথেই আছে। এখন তাদের কেবল কাজটা শেষ করার পালা।
আজকের খেলা
রিয়াল মাদ্রিদ ঃ আয়াক্স
বরুসিয়া ডর্টমুন্ড ঃ টটেনহ্যাম হটস্পার
