মোরাতার গোলে আশায় অ্যাটলেটিকো

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২১:২৯

আলভারো মোরাতার প্রথমার্ধে দেওয়া জোড়া গোলে অ্যাটলেটিকো মাদ্রিদ স্প্যানিশ লিগ জয়ের ক্ষীণ আশা জিইয়ে রেখেছে। কোচ দিয়েগো সিমিওনির অ্যাটলেটিকো গত রবিবার রাতে দশজন নিয়েও মোরাতার নৈপুণ্যে ২-০ গোলে হারায় রিয়াল সোসিয়েদাদকে। স্পেন জাতীয় দলের এই স্ট্রাইকার বিরতির আগে তিন মিনিটের ব্যবধানে গোল দুটি করেন। এ জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান আবার সাতে দাঁড়ালো। শিরোপাধারী বার্সেলোনা গত শনিবার তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে এল ক্ল্যাসিকোর লড়াইয়ে ১-০ গোলে জয়ী হয়েছিল। গত মাসে রিয়াল বেটিস ও রিয়াল মাদ্রিদের কাছে হারের পর ঘুরে দাঁড়ানো অ্যাটলেটিকো এখন টানা তিন খেলায় জয়ী হলো।