পিছিয়ে পড়ছে লিভারপুল

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২১:২৯

 স্পোর্টস ডেস্ক

লিভারপুল গত রবিবার এভারটনের মাঠে গোলশূন্য ড্রয়ের খেসারত দিল ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে নেমে এসে। অথচ শীর্ষে থাকা ম্যানচেষ্টার সিটি এক সময় লিভারপুলের চাইতে সাত পয়েন্টে পিছিয়ে ছিল। লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ অবশ্য এখনো নয় ম্যাচ হাতে থাকায় এরপরও সমস্যা দেখছেন না।

এভার্টনের মাঠ গুডিসন পার্কে অনুষ্ঠিত খেলায় আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পায়নি লিভারপুল। ফলে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। বিপরীতে সিটি আগের দিন বোর্নমাউথের বিপক্ষে জয় পেয়ে উঠে গেছে লিগের শীর্ষে। 

ক্লপের শিষ্যরা জানুয়ারির শুরুতে প্রতিদ্বন্দ্বী সিটি থেকে সাত পয়েন্টে এগিয়ে ছিলো। কিন্তু এরপর থেকে ধারাবাহিকতার অভাব দেখা দেয় ১৯৯০ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ের জোরালো সম্ভাবনা জাগিয়ে তোলা লিভারপুল শিবিরে।  

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচের পাঁচটিতেই ড্র করেছে ক্লপের দল। এর তিনটিতেই গোল করতে ব্যর্থ হয়েছিলো তারা। আক্রমণভাগের ব্যর্থতার খেসারত দিয়ে এখন সিটি থেকে এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন মোহামেদ সালাহরা। তবে জার্মান কোচের বিশ্বাস প্রতিযোগিতার শেষে তালিকার চূড়ায় থাকতে পারাই গুরুত্বপূর্ণ। বিবিসিকে তিনি বলেন, ‘মার্চের শুরুতে কে পয়েন্ট টেবিলের চূড়ায় থাকতে চায়? থাকতে পারলে ভালোই হয় কিন্তু এখনো অনেক ম্যাচ খেলা বাকি।’

সিটি থেকে পিছিয়ে থাকলেও তাদের তাড়া করতে সমস্যা দেখছেন না ক্লপ। তিনি বলেন, ‘তাদের তাড়া করতে কোনো আপত্তি নেই আমার। আমি গত রাতে তাদের ম্যাচটি দেখেছিলাম এবং তাদের উদযাপনও লক্ষ্য করেছি। তারা ম্যাচে ৯০০ সুযোগ পেয়েছিলো এবং গোল করেছে একটি, তাও ভুল পায়ের একটি শটে! আপনাকে এমন সুযোগের জন্য তৈরি থাকতে হবে।’ এদিকে পিছিয়ে পড়লেও চাপটা সিটির ওপরই দেখছেন লিভারপুল ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন। তিনি বলেন, ‘আমরা এখন তাড়া করা দলে পরিণত হয়েছি এবং পুরো চাপটা এখন সিটির ওপরই। মৌসুমের শেষ পর্যন্ত আমরা লড়াই করে যাবো। যেহেতু সিটির ওপর শিরোপা ধরে রাখার প্রত্যাশা আছে সেহেতু চাপটাও তাদের ওপরই থাকবে।’