সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ০৯:৩৪
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় সরোয়ার আলম খান (৩৩) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
সরোয়ার আলম খান কিশোরগঞ্জের ইটনা উপজেলার থানেশ্বর গ্রামের নুরুদ্দিন খানের ছেলে।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
 
তিনি জানান, সরোয়ার আলম খান রাজারবাগ পুলিশ লাইনসের ৫নং কোম্পানিতে কর্মরত ছিলেন।
 
বুধবার তিনি ডাক নিয়ে মোটরসাইকেলে করে রাজারবাগ থেকে নরসিংদী যাচ্ছিলেন। যাওয়ার পথে মাধবদী এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। 
 
জানা গেছে, আড়াইহাজারের এক কনস্টেবল রেজাউল মাধবদীতে সরোয়ার আলম খানকে আহতাবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনিই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলেন। রাত ১১টার দিকে আলমের মৃত্যু হয়।