হ্যাডলিকে ছাড়ালেন উইলিয়ামসন

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২১:৩০

 স্পোর্টস রিপোর্টার

নিউজিল্যান্ডের ব্যাটসম্যান হিসেবে অনন্য এক চূড়ায় উঠলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। মাত্র দ্বিতীয় ব্ল্যাক ক্যাপ ক্রিকেটার হিসেবে আইসিসির টেস্ট র্যাংকিংয়ে তিনি ৯০০ রেটিং পয়েন্টের মাইলফলক পেরোলেন।

এর আগে কেবল একজনই এই কীর্তি গড়তে পেরেছিলেন। তিনি হলেন স্যার রিচার্ড হ্যাডলি। তিনি বোলারদের র্যাংকিংয়ে ৯০৯ রেটিং পয়েন্ট ছুঁয়েছিলেন। সেটা ১৯৮৫ সালের ডিসেম্বরের কথা। উইলিয়ামসন অবশ্য এবার স্যার হ্যাডলিকে স্পর্শ করে তাঁকে ছাড়িয়েও গেছেন।

৮৯৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি হ্যামিল্টন টেস্ট খেলতে নেমেছিলেন। একমাত্র ইনিংসে নিউজিল্যান্ড দলটি বাংলাদেশের বিপক্ষে ছয় উইকেট হারিয়ে করে ৭১৫ রান। এর মধ্যে ২০০ রানের অপরাজিত এক ইনিংস খেলেন উইলিয়ামসন। এর ফলে তার রেটিং পয়েন্ট বাড়ে ১৮। এখন ৯১৫ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন।

যদিও, র্যাংকিংয়ে কোনো অগ্রগতি হয়নি উইলিয়ামসনের। তবে, সবার ওপরে থাকা বিরাট কোহলির সাথে এখন ব্যবধানটা অনেকটাই কমিয়ে ফেলেছেন তিনি। বিরাটের রেটিং পয়েন্ট এখন ৯২২। এর অর্থ হল উইলিয়ামসনের চেয়ে মাত্র সাত রেটিং পয়েন্টে এগিয়ে আছেন তিনি।এটা কেন উইলিয়ামসনের ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট তো বটেই, নিউজিল্যান্ডের ইতিহাসেই সর্বোচ্চ। এর আগে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে ইতিহাসের সেরা রেটিং পয়েন্টের মালিক ছিলেন রস টেলর। তিনি ২০১৩ সালের ডিসেম্বরে ৮৭১ রেটিং পয়েন্ট ছুয়েছিলেন। এর আগে ১৯৭৪ সালে গ্লেন টার্নার ৮৪৫ রেটিং পয়েন্ট ছুঁয়েছিলেন।

ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়েছিলেন স্যার ডন ব্র্যাডমান। সেটা ১৯৪৮ সালের ফেব্রুয়ারির কথা। সেবার ৯৭৪ রেটিং পয়েন্ট ছিল সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত ব্র্যাডম্যানের।

এরপর তার সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছিলেন আরেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। ২০১৭ সালের ডিসেম্বরে ছুঁয়েছিলেন ৯৪৭ রেটিং পয়েন্ট। যদিও, ২০১৮ সালের মার্চে বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ তিনি।

এই সময়ে টেস্ট খেলতে না পারায় স্মিথের রেটিং পয়েন্ট কমে ৮৫৭-এ দাঁড়িয়েছে। যদিও, এখনো তিনি ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ অবস্থানে আছেন। ৮৮১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন ভারতের চেতেশ্বর পূজারা। পঞ্চম স্থানে আছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তার রেটিং পয়েন্ট ৭৬৩। টেস্ট বোলারদের মধ্যে সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। তাঁর রেটিং পয়েন্ট ৮৭৮। এর পরের চারজন হলেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, দক্ষিণ আফ্রিকার ক্যাগিসো রাবাদা, ভার্নন ফিল্যান্ডার ও ভারতের রবিচন্দ্রন অশ্বিন। এর মধ্যে অশ্বিন বাদে বাকি সবাই পেসার। বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে আছেন সাকিব আল হাসান। তার অবস্থান ২০-এ। এর বাদে যথাক্রমে ২২ ও ২৩তম অবস্থানে আছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। হ্যামিল্টন টেস্ট শেষে কেবল মাহমুদউল্লাহ রিয়াদের র্যাংকিংয়েই অগ্রগতি হয়েছে। তিনি তিন ধাপ এগিয়ে ৬৩-এ উঠে এসেছেন।