জুভেন্তাস ২ ঃ ১ ন্যাপোলি
স্পোর্টস ডেস্ক
শিরোপাধারী জুভেন্তাস সিরি আ’তে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ন্যাপোলিকে ২-১ গোলে হারিয়ে ১৬ পয়েন্টে এগিয়ে গেছে। তবে ১২ ম্যাচ বাকি থাকতে এই ব্যবধান সত্ত্বেও এখনই শিরোপা ধরে রাখাকে নিশ্চিত মানছেন না দলের কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি।
রবিবার ন্যাপোলির মাঠ এস্তাদিও সান পাওলোয় প্রথমার্ধেই মিরালেম পিয়ানিক ও এমরে কানের লক্ষ্যভেদে ভর করে দুই গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে পিয়ানিকের লাল কার্ড আর ৬১ মিনিটে ন্যাপোলির হোসে মারিয়া কায়েহনের গোল কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলো অ্যালেগ্রির দল। শেষ মুহূর্তে লরেঞ্জো ইনসিনিয়ের পেনাল্টি বারপোস্টে আঘাত না করলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হতো জুভেন্তাসের। তবে শেষমেশ এক গোলের ব্যবধান নিয়েই ম্যাচ শেষ করে ইতালীয় চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে এমন জয়ে এবারের সিরি আ’তে টানা ২৬ ম্যাচ ধরে অপরাজিত রইলো তুরিনের দলটি। তবে ২৩ জয় ও তিন ড্রতে ৭২ পয়েন্ট অর্জন করলেও এখনো শিরোপা নির্ধারিত হয়ে যায়নি বলে বিশ্বাস করেন অ্যালেগ্রি।
জুভেন্তাস কোচ বলেন, ‘১৬ পয়েন্টের ব্যবধান অনেক গুরুত্বপূর্ণ; কিন্তু অঙ্কের জন্য অপেক্ষা করতে হবে আমাদের। যতক্ষণ না কাগজে কলমে শিরোপা নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ম্যাচ জেতা অব্যাহত রাখতে হবে আমাদের।’ আলেগ্রি মনে করেন- শিরোপা নিশ্চিত করতে আরো পাঁচ ম্যাচ জিততে হবে তার শিষ্যদের। তিনি বলেন, ‘আমার মনে হয় স্কুদেত্তো জিততে হলে আমাদের আরো পাঁচটা ম্যাচ জিততে হবে। তাদের (ন্যাপোলি) বিপক্ষে দুটো ম্যাচেই জয়লাভ করেছি আমরা।’
ঘটনাবহুল ম্যাচটি জয়ের ব্যাপারে অ্যালেগ্রি বলেন, ‘এটা একটা পাগলাটে ম্যাচ ছিলো। অনেক ঘটনা ঘটার কারণে কিছুটা বিশৃঙ্খলাও চলে এসেছিলো। লিগের সেরা দুই দলের একে অপরের মুখোমুখি হয়েছিলো সেখানে। ন্যাপোলির কৌশলগত দক্ষতা অসাধারণ এবং তারা আমাদের জয়ের পথে দারুণ বাধা সৃষ্টি করেছিলো।’
দ্বিতীয়ার্ধে পিয়ানিকের লাল কার্ডের পরেই ম্যাচের নিয়ন্ত্রণ ন্যাপোলির হাতে চলে গিয়েছিলো বলে মনে করেন জুভেন্তাস কোচ। তিনি বলেন, ‘পিয়ানিকের দ্বিতীয় হলুদ কার্ডের পরেই আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে বাধ্য হয়েছিলাম। ন্যাপোলিকে ম্যাচে ফিরতে দিয়েছিলাম আমরা এবং তাদের দর্শকরা আবারও বিশ্বাস করতে শুরু করেছিলো। দ্বিতীয়ার্ধে এক গোলে এগিয়ে থাকার সময়েও অনেক সুযোগ নষ্ট করেছিলাম আমরা।’
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ থেকে ২-০ গোলে হেরে এসেছিলো অ্যালেগ্রির দল। ফিরতি ম্যাচে তাদের মুখোমুখি হবার আগে উদিনেসের বিপক্ষে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। রোহিব্ল্যাংকোদের কথা ভেবে সেই ম্যাচটিকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন অ্যালেগ্রি। তিনি বলেন, ‘এখন উদিনেসকে হারানোর কথা ভাবতে হবে আমাদের, অ্যাটলেটিকো ম্যাচের আগে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।’
