চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত না হওয়ায় বার কাউন্সিলের নির্বাচন পিছিয়ে আগামী ২৬ আগস্ট ভোট গ্রহণের জন্য দিন ধার্য করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এছাড়া ৩০ জুলাইয়ের মধ্যে চূাড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য সময় সীমা বেঁধে দিয়েছে আদালত। এ সময়ের মধ্যে ভোটার তালিকা প্রকাশ করে এবং কোনো ধরনের আপত্তি থাকলে তা ৩ আগস্টের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। এছাড়া, ন্যাশনাল আইডিকার্ড ও পাসপোর্ট দেখিয়ে আইনজীবীদের ভোট প্রদান করতে বলা হয়েছে। এই দুইটির কোনোটি না থাকলে তিনি ভোট দিতে পারবেন না। একই সঙ্গে ভোটগ্রহণের সময় অমোচনীয় কালি ব্যবহার করতে বলা হয়েছে।
বার কাউন্সিলের পক্ষে অ্যাটর্নি জেনারেল সময় চেয়ে আদালতে আবেদন জানান।
তিনি বলেন, এখনও চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা সম্ভব হয়নি। তবে কাজ অনেকদূর এগিয়েছে। সুপ্রিম কোর্ট ও ঢাকা বারের আইনজীবীদের ভোটার তালিকা চূড়ান্ত হলেই কাজ সম্পন্ন হবে। এ জন্য সময় লাগবে। পরে আদালত উপরোক্ত আদেশ দেয়।
