গাজীপুরের সদর উপজেলাধীন হোতাপাড়ায় বিমান বাহিনীর প্রকল্প এলাকার সামনে দুই ট্রাকের সংঘর্ষে একটি ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা।
তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের আনুমানিক বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাহার আলম জানান, ঢাকামুখী মুরগিবোঝাই ট্রাকটি ওই এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা আরেকটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে মুরগির ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও তার সহকারী ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
