দুর্নীতি মামলায় মহিউদ্দিনসহ ৩ জনকে অব্যাহতি

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ১৩:৫০
 
বিজয় টেলিভিশন দুর্নীতি মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ তিন আসামিকে অব্যাহতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ রুহুল আমিন এই আদেশ দেন।
 
অন্য দুইজন হলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরী ও সাবেক প্রধান প্রকৌশলী মোখতার আলম।
 
আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, হাইকোর্টের আদেশ অনুসারে মামলার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে আদালত আসামিদের অব্যাহতি প্রদান করেছেন।
 
‘অনুমতি ছাড়া’ চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ২০০৬ সালে বিজয় টেলিভিশনের সম্প্রচার শুরু হয়েছে এমন অভিযোগ আনা হয় ও সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে ২০০৭ সালে সরকারের অনুমতি ও কোনো দরপত্র ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের টাকা তুলে সম্প্রচার শুরুর অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করা হয়।
 
তত্কালীন মেয়র মহিউদ্দিন চৌধুরীসহ পাঁচজনকে তখন আসামি করা হলেও অভিযোগপত্র থেকে করপোরেশনের বর্তমান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ এবং থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের (টিআইসি) পরিচালক আহমেদ ইকবাল হায়দারের নাম বাদ দেওয়া হয়।
 
মহিউদ্দিন চৌধুরীর করা এক আবেদনে ২০০৮ সালের ১৭ জানুয়ারি মামলাটির কার্যক্রম স্থগিত করে সেটি  কেন বাতিল করা হবে না তা জানতে চায় হাই কোর্ট। ২০১২ সালের ১০ ডিসেম্বর উচ্চ আদালত বিজয় টিভি দুর্নীতি মামলা বাতিল ঘোষণা করে।
 
এরপর ২০১৩ সালের ২৫ ডিসেম্বর মামলার বাদি আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল না করার কথা আদালতকে জানান।