বগুড়ায় ছুরিকাঘাতে গাড়িচালক খুন

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ১৫:৪৫
 
বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাইভেটকার চালক খুন হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সামছুন্নাহার ক্লিনিকের কাছেই এই ঘটনা ঘটে।
 
নিহত রুবেল (২৬) ঠনঠনিয়া মোল্লা পাড়ার আসাদুজ্জামানের ছেলে। তিনি সামছুন্নাহার ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এমদাদুল হকের ব্যক্তিগত গাড়ি চালক।
 
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ক্লিনিকে রোগী নিয়ে আসা একটি অ্যাম্বুলেন্স পার্কিং করা নিয়ে চালকের সঙ্গে রুবেলের কথা কাটাকাটি হয়। এনিয়ে রুবেল তার সহযোগীদের নিয়ে চালককে মারধর করে। এর জের ধরে ঐ অ্যাম্বুলেন্স চালকের পক্ষ নিয়ে কিছু দুর্বৃত্ত বুধবার রাতে রুবেলকে ধাওয়া দেয়। রুবেল দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করে। আজ দুপুরে রুবেলকে একা পেয়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
পুলিশ কর্মকর্তা বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান, নিহতের  বুকে ও পিঠে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে রুবেলকে খুন করা হয়েছে বলে প্রাথমকিভাবে জানা গেছে।