ঠাকুরগাঁও সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসে বৃহস্পতিবার সকালে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে মারধরের ঘটনা ঘটেছে। একই ব্যাংকের দুই শাখার কর্মকর্তার বিরুদ্ধে এ মারধরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহত কর্মকর্তারা হলেন, ঠাকুরগাঁও সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম) আল মামুন মনসুর আলম (৫৫), সিনিয়র এক্সিকিউটিভ গোলাম রসুল (৫৫) ও সিনিয়র অফিসার আমিরুল হক (৪৪)।
জানা গেছে, জুনিয়র অফিসার আতাউর রহমান ঠাকুরগাঁও সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখায় দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ওই শাখায় ২/৩ দিনের ছুটি নিয়ে মাসের পর মাস অফিসে আসেন না বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আতাউর রহমানকে অন্য শাখায় বদলি করে। এরই জের ধরে তিনি বৃহস্পতিবার সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসে এসে হামলা চালায় এবং অফিস ভাঙচুর করে। এ সময় ঠাকুরগাঁও সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের অ্যাসিসট্যান্ট ম্যানেজার (এজিএম) আল মামুন মনসুর আলম, সিনিয়র এক্সিকিউটিভ গোলাম রসুল, সিনিয়র অফিসার আমিরুল হক তাকে বাধা দিলে আতাউর তাদের উপর চড়াও হয় এবং বেধরক মারপিট করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।
