না থেকেও আছেন ডি ভিলিয়ার্স!

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ২২:৪৭
 
তিনি এমন একজন ব্যাটসম্যান, যার অনুপস্থিতিও অনেকের উপস্থিতির চেয়ে বেশী আলোচনার বিষয়। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বার বার ঘুরে ফিরে এলো হঠাৎ করেই দেশে ফিরে যাওয়া দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্সের প্রসঙ্গ।
 
এই ব্যাটসম্যানের অনুপস্থিতি যে বাংলাদেশের জন্য স্বস্তির একটা খবর, সেটা মাশরাফি লুকানোর চেষ্টা করলেন না, ‘বিশ্বক্রিকেটে এবি এমন এক ব্যাটসম্যান যাকে শুধু একটা বোলার নয়, একটা পুরো দল ওকে সমীহ করে। প্রতিপক্ষ দলের কোচের ওকে নিয়ে আলাদা পরিকল্পনা করতে হয়। আবার দক্ষিণ আফ্রিকাও কিন্তু এবিকে অনেক মিস করবে। আলাদা করে পরিকল্পনা করবে ওকে ছাড়া। এবিকে বর্ণনা করলে আমি এভাবে বর্ণনা করতে পারি, ওর মত খেলোয়াড় যেই দলে খেলতে না তাদের আরও বেশি চিন্তা। এই সুযোগটা আমাদের জন্যে দারুণ সুযোগ।’
 
তবে মাশরাফি মনে করেন, ডি ভিলিয়ার্সকে ছাড়াও দক্ষিণ আফ্রিকা কয়েক ধাপ এগোনো দল, ‘দক্ষিণ আফ্রিকা দল আমাদেরকে হারাতে হলে শুধু এবি না আরো বড় তারকারাও আছে। হাশিম আমলা, ডি কক আছে যারা অহরহ সেঞ্চুরি করে, অনেক বড় বড় রান করে, তারা থাকলেও দক্ষিণ আফ্রিকার জন্যে কাজটা অনেক সহজ হয়ে যাবে। তবে অবশ্যই ও না থাকায় আমাদের জন্যে অনেক বড় সুযোগ। ’  
 
আর ডি ভিলিয়ার্সের বদলে ওয়ানডে দলকে নেতৃত্ব দিতে হওয়া আমলাও মাশরাফির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বললেন, এই ব্যাটসম্যান না থাকা একটা বিরাট ধাক্কা, ‘অবশ্যই। আসলে পৃথিবীর কোন দলটা আছে, যারা এডি ডি ভিলিয়ার্সকে দলে মিস করবে না! তবে আমি ওকে শুভেচ্ছা জানাই; ওর স্ত্রী সন্তান জন্ম দিতে যাচ্ছে। আমাদের দলে আমরা পরিবারকে সবার আগে গুরুত্ব দেই। একই সঙ্গে লম্বা একটা মৌসুমের ক্লান্তির পর ওর জন্য একটা বিশ্রামও জরুরী ছিল। পাশাপাশি এই সুযোগে অন্যরা পারফর্ম করার সুযোগ পাবে। ওকে তো মিস করবোই। ও বিশ্বের সেরা ব্যাটসম্যান। তবে আশা করি, অন্যরা সুযোগটা নেবে।’