বাংলাদেশে বিএসএফের অনুপ্রবেশ, ক্ষমা প্রার্থনা

আপডেট : ১০ জুলাই ২০১৫, ১৪:০৬
 
সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্তে বাংলাদেশ ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশ করেছে বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে এজন্য ক্ষমা প্রার্থনা করেছে বিএসএফ। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে।
 
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রব জানান, ভোরে আকস্মিকভাবে বিএসএফএর হাকিমপুর ক্যাম্পের কয়েকজন সদস্য একটি স্পিডবোট ও একটি দেশি নৌকায় করে সোনাই নদীর বাংলাদেশ কূলে চলে আসে। তাদের মধ্যে দুইজন  বিএসএফ সদস্য অস্ত্র নিয়ে বাংলাদেশ ভূখণ্ডে উঠে গ্রামবাসীকে  কোনো কারণ ছাড়াই তাড়া করে। গ্রামবাসী তাদের প্রতিহত করার চেষ্টা করলে ধস্তাধস্তি ও মারামারি শুরু হয়। এতে কয়েকজন আহত হন। এক পর্যায়ে বিজিবি সদস্যরা এগিয়ে এলে  বিএসএফ সদস্যরা পালিয়ে যায়।
 
তিনি আরো জানন, এ সময় একজন সদস্য তার ব্যবহৃত  ২০ রাউন্ড গুলিসহ একটি এসএলআর ও  একটি দেশি নৌকা  ফেলে রেখে যায়।
 
বিজিবি সুবেদার জাানান সীমান্তের প্রধান পিলার ১৩ এর সাব পিলার ৩ এর আওতায়  রিভার পিলার ১১ এর  কাছে এই ঘটনা ঘটে। এ সময় সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
 
স্থানীয়রা জানান, গরু রাখালরা বাংলাদেশে কয়েকটি ভারতীয় গরু নিয়ে এসেছে এমন খবর পেয়ে সেগুলি ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিএসএফ বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে অতর্কিতে গ্রামবাসীর ওপর হামলা করে।
 
পরে এ ঘটনায় মাদরা সীমান্তের কালিবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে বিজিবি ও বিএসএফএর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক বসে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৩৮ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি ও ভারতীয় বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ১৫২ ব্যাটালিয়ন কমান্ডান্ট রাজেশ কুমার। পতাকা বৈঠকে বিএসএফ বিজিবির কাছে ক্ষমা প্রার্থনা করেন। এসময় জব্দকৃত অস্ত্রটি ফেরত দেয়া হয়।