কেনিয়ায় কপ্টার বিধ্বস্ত হয়ে চার মার্কিনিসহ নিহত ৫

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২১:৩৪

রয়টার্স

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট ও চার মার্কিন নাগরিক নিহত হয়েছেন। কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের টুরকানা হ্রদের একটি প্রত্যন্ত দ্বীপে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে সোমবার জানিয়েছে কেনীয় পুলিশ।

রবিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে সেন্ট্রাল আইল্যান্ড ন্যাশনাল পার্কে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় আর তাতে সব আরোহীর মৃত্যু হয় বলে জানিয়েছেন তারা। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি। কেনিয়ার জাতীয় পুলিশ বিভাগ তাদের টুইটার ফিডে বলেছে, “পাওয়া তথ্যগুলো থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সকালে ন্যাশনাল পার্কের দ্বীপের লাবোলো তাঁবুতে দুইটি হেলিকপ্টার নেমেছিল, এর মধ্যে একটি নিরাপদে ওই এলাকা ছেড়ে আসতে পেরেছে।” পুলিশ নিহতদের পরিচয় প্রকাশ করেনি, প্রথমে আত্মীয়-স্বজনদের জানানো হবে বলে জানিয়েছে তারা। এ ঘটনার এক মাসেরও কম সময় আগে কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে তিন মার্কিন নাগরিকসহ পাঁচ জন নিহত হয়েছিলেন।