ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় পুলিশ সদর দফতর, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঢাকার অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলামকে প্রধান করা হয়েছে। তদন্ত কমিটিতে সদস্য হিসেবে আছেন এপিবিএনের কমান্ডেন্ট মোস্তফা কামাল ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডি অ্যান্ড পিএস বিভাগের এএসপি আফজাল হোসেন।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান জানান, এই কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার আল মানুনকে। এএসপি আবদুর রশিদ এবং ময়মনসিংহ জেলা পুলিশের পরিদর্শক ইমরান হোসেন এতে সদস্য হিসেবে আছেন।
এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুনকে নিয়ে এক সদস্যের আরেকটি তদন্ত কমিটি করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন।
এ কমিটিকেও তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শুক্রবার ভোর ৫টার দিকে ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোডে নূরানী জর্দা কারখানায় এই ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।
