‘স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতি মুক্ত করা হবে’

আপডেট : ১০ জুলাই ২০১৫, ১৯:২৪
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নব নিযুক্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এলজিইডি আমার নিজের হাতে গড়া প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত করতে আমার বেশি সময় লাগবে না।’
 
শুক্রবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘‘নতুন মন্ত্রণালয়ের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ওয়াসাসহ পল্লী উন্নয়নের সব ক্ষেত্রই রয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বাড়ি একটি খামার প্রকল্প রয়েছে। এ পকল্প পল্লী উন্নয়নে অনেক ভূমিকা রাখতে পারে।’
 
তিনি আরো বলেন, ‘এ মন্ত্রণালয়ে আমার কর্ম জীবন শুরু করেছিলাম। প্রধানমন্ত্রী আমাকে আবারো এ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এতে আমি গৌরবান্বিত। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী  শেখ হাসিনার স্বপ্ন পূরণে আমি আপ্রাণ চেষ্টা করব।’
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দলের সাধারণ সম্পাদককেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হতে হবে এমন কোন কথা নেই। আগে দলের ৪/৫ সাধারণ সম্পাদক এমন দায়িত্ব পালন করেছেন। এটি একটি ট্রেডিশনে পরিণত হয়েছে। ট্রাডিশন ভাঙ্গা যাবেনা, এর কোন যৌক্তিক কারণ নেই।’’
 
আগামী সম্মেলনে তিনি দলের সাধারণ সম্পাদক হচ্ছেন কীনা সাংবাদিকেদের এমন প্রশ্নের জবাব তিনি কৌশলে এড়িয়ে যান।
 
এ সময় এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী,  গোপালগঞ্জের জেলা পরিষদ প্রশাসক চৌধূরী এমদাদুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী অরুন কুমার চৌধূরী, গনপূর্তের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার বসু, কেন্দ্রীয় সমবায় ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, মধুমতি ব্যাংকের ভাইস চেয়ারম্যান শেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগের সভাপতি রাজামিয়া বাটু, আওয়ামী লীগ নেতা সৈয়দ মাসুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।