বেকার শ্রমিককে চাকরি না দিলে লাগাতার বাস ধর্মঘট!

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২১:৩৯

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা

রামগড় খাগড়াছড়ি বাস মালিক সমিতির আওতাধীন বেকার হয়ে পড়া ১২শ পরিবহন শ্রমিককে ৭২ ঘণ্টার মধ্যে শান্তি পরিবহনে চাকরি না দিলে খাগড়াছড়িতে লাগাতার বাস ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে বাস শ্রমিক ইউনিয়ন। সোমবার রামগড়স্থ খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস, মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, শান্তি পরিবহন মালিক সমিতি চুক্তিভঙ্গ করে স্বেচ্ছাচারীর মাধ্যমে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে নতুন ব্যানারে অসংখ্য বাস সার্ভিস চালু করেছে। এতে পরিবহন ব্যবসায় আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে ফেনী-রামগড়-খাগড়াছড়ি বাস মালিক সমিতির বেশিরভাগ বাস সার্ভিস বন্ধ হয়ে গেছে। পূর্বে ১১০টি বাস যাত্রীপরিবহন করলেও বর্তমানে মাত্র ১৫টি চালু রয়েছে। মালিকরা এ সড়ক থেকে তাদের বাসগুলো অন্যত্র নিয়ে যাওয়ায় প্রায় ১২শ পরিবহন শ্রমিক বেকার হয়ে গেছে। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

এ ব্যাপারে খাগড়াছড়ি জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিতভাবে বার বার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস, মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, দপ্তর সম্পাদক মৃদুল চক্রবর্তী ও কোষাধ্যক্ষ মো. মকবুল আহম্মদ উপস্থিত ছিলেন।