বেতন বোনাস জমা হওয়ার পরেও ব্যাংক কর্মকর্তার খাম-খেয়ালীপনায় গাংনী উপজেলার প্রায় এক হাজার শিক্ষক পরিবারের সদস্যদের ঈদ আনন্দ মাটি হতে বসেছে।
শিক্ষকদের জন্য সরকার সময় মতো বেতন ও অন্যান্য বিল দিলেও ব্যাংকের শাখা ব্যবস্থাপকের খাম-খেয়ালীপনার কারণে টাকা উত্তোলন করতে এসে ফিরে গেছেন শিক্ষকরা।
গাংনী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি পারভেজ সাজ্জাদ রাজা জানান, গাংনী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার শিক্ষকদের গত জুন মাসের বেতন চলতি মাসের ২ তারিখে এবং অন্যান্য ভাতা ৫ তারিখে ব্যাংকে জমা হয়েছে। কিন্তু ব্যাংক কর্মকর্তার খাম-খেয়ালীপনার কারণে সংশ্লিষ্ট শিক্ষকদের হিসাব নম্বরে টাকা জমা করা হয়নি।
মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা শিক্ষকরা ব্যাংকে ধর্ণা দিয়ে অবশেষে ফিরে যেতে বাধ্য হন। বেতনের টাকা না পেয়ে শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ব্যাংক ম্যানেজার যে সিদ্ধান্ত দিয়েছেন তা ওনার মনগড়া। একজন দায়িত্বশীল মানুষ হিসেবে তিনি শিক্ষকদের সঙ্গে এ ধরনের আচরণ করতে পারেন না। দ্রুত শিক্ষকদের বেতন-ভাত প্রদানের জন্য ব্যাংক ম্যানেজারকে অনুরোধ করেছেন তিনি।
সোনালী ব্যাংক গাংনী বাজার শাখার ম্যানেজার বিল্লাল হোসেন জানান, বিভিন্ন কাজের চাপে শিক্ষকদের বেতন ভাতা পোস্টিং দেয়া হয়নি। দুয়েক দিনের মধ্যে বেতন দেয়া হবে।
